যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান–এর মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না। শুক্রবার হোয়াইট হাউস–এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চাইলে এই সংঘাতে ভূমিকা রাখতে পারতেন, তবে পাকিস্তানের সঙ্গে তার প্রশাসনের সম্পর্ক খুব ভালো। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান নেতৃত্বের প্রতি তার সম্মান রয়েছে এবং দেশটি বর্তমানে ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে এসেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যু। দীর্ঘদিন ধরে ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে অবস্থান করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুলের শাসকগোষ্ঠী তাদের আশ্রয় দিচ্ছে। যদিও আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলার পর ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে টিটিপির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে বহু হতাহতের খবর পাওয়া যায়।
এর জবাবে ২৬ ফেব্রুয়ারি রাতে সীমান্তবর্তী ডুরান্ড লাইনের কাছে আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হন বলে জানা গেছে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।