হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পারাপারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে কেন্দ্র করে ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছে ইরান।
ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হরমুজ প্রণালির সামুদ্রিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। বৈশ্বিক তেল-গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে সম্পন্ন হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এর ফলে শতাধিক বাণিজ্যিক জাহাজ হরমুজ, আরব উপসাগর ও পারস্য উপসাগর এলাকায় আটকা পড়ে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পার হতে সহায়তা করবে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়—এমন অনেক দেশের জাহাজ হরমুজে আটকা পড়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। তাদের অনুরোধেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকে ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার পরপরই সতর্কবার্তা দিয়ে প্রতিক্রিয়া জানায় ইরান।
সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন