দেশের মহানগরগুলোর স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে ‘অনভিপ্রেত ও অপরিণামদর্শী’ উল্লেখ করে বলেন, জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হয়। উচ্চমূল্যের ইন্টারনেটের কারণে অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের ডিভাইস আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ব্যাহত হওয়ায় নিয়মিত পড়াশোনার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কোভিড-১৯ সময়ে অনলাইন শিক্ষার প্রভাব নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা ও গণিতে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারেনি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বেশি পিছিয়ে পড়েছে। বিভিন্ন জরিপে ঝরে পড়ার হার ও শিশু শ্রম বৃদ্ধির তথ্যও উঠে এসেছে।
তিনি দাবি করেন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখনো সম্পন্ন হয়নি। এ অবস্থায় পুনরায় অনলাইন ক্লাস চালু করা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না।
বিবৃতিতে তিনি সরকারের কাছে সিদ্ধান্তটি প্রত্যাহার করে সশরীরে নিয়মিত পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান।