যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল নিক্ষেপের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে অবস্থান করছিল। সেখানেই জাহাজটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে বলে দাবি করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি।

ঘটনার আগে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে ইরান সতর্ক করে বলেছিল, প্রণালিতে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই তা ছিল ভঙ্গুর। যুদ্ধবিরতির পরদিনই ইরানের বন্দরে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র এবং আরব সাগর থেকে কয়েকটি ট্যাংকার জাহাজ জব্দ করে।

পরবর্তীতে ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।

সূত্র: ফার্স নিউজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *