নানা সংকট কাটিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট থাকবে ১ হাজার ১৮টি।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় লিটল ম্যাগাজিন চত্বর করা হয়েছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ
এবার বইমেলাকে ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ থাকবে পলিথিন ও ধূমপানমুক্ত। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধুলাবালু নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো হবে এবং মশকনিধনের ব্যবস্থাও রাখা হয়েছে।
স্টল, মঞ্চ, ব্যানার ও খাবারের দোকান প্রস্তুতে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ—পাট, কাপড় ও কাগজ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা
মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে এবার মেলার বাহিরপথ মন্দির গেটের কাছে স্থানান্তর করা হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও প্রস্থান পথ থাকবে।
মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। প্রবেশ ও বাহিরপথে আর্চওয়ে, পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং বাড়তি আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
রমজান উপলক্ষে বিশেষ ব্যবস্থা
রমজান মাস উপলক্ষে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবির নামাজের সুব্যবস্থা থাকবে। পাশাপাশি নামাজের স্থান, প্রসাধনকক্ষসহ অন্যান্য সেবাও নিশ্চিত করা হয়েছে।
শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুচত্বর। সেখানে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট অংশ নেবে।
মূল মঞ্চে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান থাকবে।
প্রস্তুতিতে শেষ মুহূর্তের ব্যস্ততা
রমজান মাসে মেলা শুরুর সময়সূচি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান শেষ মুহূর্ত পর্যন্ত স্টল সাজানোর কাজ চালিয়ে যাচ্ছে। প্রকাশকদের ভাষ্য, প্রথম দিনেও অনেক স্টলে সাজসজ্জার কাজ চলমান থাকবে।