রাঙামাটিতে ছাত্রদলের পদবঞ্চিতদের সড়ক অবরোধ

দীর্ঘ ৮ বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে তারা নতুন কমিটি বাতিলের দাবি জানান। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধ প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভা এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেয়।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের অর্থ ও উপহারের বিনিময়ে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন।

সভাপতি প্রার্থী ফজরুল ইসলাম অভিযোগ করেন, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে এবং অপহরণের সঙ্গে জড়িতদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে।

তবে জেলা ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি আংশিকভাবে অনুমোদিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তিনি দাবি করেন, উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন।

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *