বলিউড অভিনেত্রী জারিন খানের মা পারভীন খান আর নেই।
বুধবার (৮ এপ্রিল) দীর্ঘদিন অসুস্থ থাকার পর মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে জারিন খানের টিম জানায়, তাদের প্রিয় পারভীন খান শান্তিতে পরলোকগমন করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন পারভীন খান। গত বছরের অক্টোবর মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও এ বছরের শুরুতে আবার অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।
গত মাসেও মায়ের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন জারিন খান।
এর আগে ২০১৬ সালে পারভীন খানের হার্ট সার্জারি হয়। সে সময় মায়ের সেবাযত্নে শুটিং থেকেও বিরতি নিয়েছিলেন জারিন খান।
২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের।