ঈদুল ফিতরের জন্য প্রস্তুত ঢালিউডের প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে প্রকাশ করা হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ট্রেলারে ‘রাক্ষস’ রূপে দর্শকদের সামনে আসছেন।
২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, সিয়াম একটি অন্ধকার ঘরে বসে সিগারেট টানছেন এবং গম্ভীর সংলাপে বলেন, “মানুষ বলে নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, পাপে মৃত্যু।” এরপর শুরু হয় নৃশংস হত্যার দৃশ্য, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়ছে।
তবে এই ভয়ংকর রূপের আড়ালে লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প। ট্রেলারের পরের অংশে দেখা মেলে নায়িকা সুষ্মিতা চ্যাটার্জি–কে বিলাসবহুল প্লেন থেকে নামতে। সিয়াম প্রেমিকার প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে বলেন, “তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম।”
সিনেমার অ্যাকশন অংশে সিয়াম একটি জিপ গাড়ির ওপর বাঘের সঙ্গে দাঁড়িয়ে শত্রুদের উদ্দেশে হুংকার দেন। ট্রেলারের শেষে দেখা যায়, সিয়াম চিকিৎসকের কাছে সুষ্মিতার গর্ভাবস্থার বিষয়ে এক অদ্ভুত ও সাহসী প্রশ্ন করেন, যা সিনেমার ডার্ক কমেডির দিকও উন্মোচন করে।
নির্মাতা মেহেদী হাসান হৃদয়–এর আগের সিনেমা ‘বরবাদ’-এর জনপ্রিয় চরিত্র ‘জিল্লু’ ট্রেলারে পুনরায় উপস্থিত হয়েছে। সেখানে সিয়াম ফোনে ভিডিও কলে বলেন, “হেয় জিল্লু্, খাইয়া দে,” এবং দেখা যায় শ্যাম ভট্টাচার্য ‘জিল্লু’ চরিত্রে প্রত্যাবর্তন করেছেন।
সিনেমাটি নির্মিত হয়েছে আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এবং ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।