আসন্ন ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং কার্ড দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
কত পরিবার এ সুবিধা পাবে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড মূলত সার্বজনীনভাবে দেওয়া হবে। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্রদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনবে।
রমজানেই কার্যক্রম শুরু হচ্ছে কি না— জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হোক। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে— সিপিবির এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, এটি চালু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বর্তমানে কীভাবে কার্যক্রম শুরু করা হবে, সেই প্রক্রিয়া নির্ধারণে কাজ চলছে।