‘রকস্টারে’ ভিন্ন ও বিধ্বংসী লুকে শাকিব খান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে নিজেই নতুন ঝড়ের আভাস দিয়েছেন তিনি।

টিজারের ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন—সবখানেই রয়েছে তার শক্তিশালী উপস্থিতি।

টিজার দেখে ধারণা পাওয়া যাচ্ছে, গান, উন্মাদনা ও বিনোদনের এক ভিন্নধারার অভিজ্ঞতা পেতে যাচ্ছেন দর্শক। এটি একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে একজন রকস্টারের জীবনসংগ্রাম তুলে ধরা হবে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ উপহার। নির্মাতা আজমান রুশোর পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের নতুন লুক ও স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। পোশাক পরিকল্পনায় ছিলেন সাফিয়া সাথী এবং মেকআপে অমিত আম্বেকার। ক্যামেরায় কাজ করেছেন আব্দুল মামুন, সম্পাদনায় ছিলেন আনিস মাসুদ।

টিজারের শেষে জানানো হয়েছে, এটি কেবল একটি ‘জ্যামিং সেশন’, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করতে হবে। এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ‘রকস্টার’।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *