বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর (বিসিবি) নির্বাচক প্যানেলে আসছে বড় পরিবর্তন। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার উত্তরসূরি হিসেবে আবারও নির্বাচক প্যানেলে ফিরছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম প্রায় চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা ‘মিস্টার ফিফটি’ খ্যাত এই ক্রিকেটার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিসিবির নারী উইংয়েও কাজ করেছেন।
নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের অভিজ্ঞতাও দীর্ঘ। ২০১৬ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে যোগ দেন তিনি। এরপর টানা আট বছর প্যানেলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদিন নান্নু। ২০২৪ সালে নান্নু-বাশার সরে গেলে প্রধান নির্বাচক হিসেবে যোগ দেন গাজী আশরাফ।
দুই বছরের মেয়াদ শেষে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন লিপু। বোর্ডকে তিনি জানিয়েছেন, নতুন করে চুক্তি নবায়নে আগ্রহী নন। তবে বিসিবি তাকে মেয়াদ শেষে অন্তত আরও দুই–তিন মাস দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছে। কারণ, মার্চেই সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। স্বল্প সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন গাজী আশরাফ, তবে দীর্ঘ মেয়াদে থাকছেন না।
এর আগে দীর্ঘদিন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। ২০২৪ সালে তার স্থলাভিষিক্ত হন লিপু। তার প্যানেলে ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। পরে রাজ্জাক নির্বাচক প্যানেল থেকে সরে গিয়ে বিসিবির পরিচালক হন এবং হান্নান কোচিং পেশায় যুক্ত হন।
সব মিলিয়ে নির্বাচক প্যানেলে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রধান নির্বাচকের আসনে হাবিবুল বাশারের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা।