পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৪টি আসনের মধ্যে ১৯২টিতে এগিয়ে আছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে।
এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপিকে এগিয়ে দেখাচ্ছে এবং ধীরগতিতে ভোট গণনা করছে।
দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে মমতা বলেন, কেউ যেন গণনাকেন্দ্র ছেড়ে না যান। তার অভিযোগ, বিজেপির পরিকল্পনা অনুযায়ী আগে তাদের এগিয়ে থাকা আসনের ফল দেখানো হচ্ছে এবং তৃণমূলের আসনগুলো পরে দেখানো হচ্ছে। কিছু জায়গায় গণনা বন্ধ রাখার অভিযোগও করেন তিনি।
কল্যাণীতে কয়েকটি ইভিএমে অসামঞ্জস্য পাওয়া গেছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মাধ্যমে দলীয় কার্যালয়ে হামলা ও দখলের অভিযোগ তোলেন তিনি।
তবে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মমতা বলেন, এখনো মাত্র কয়েক দফা গণনা হয়েছে। মোট ১৮ থেকে ১৯ দফা গণনা শেষে চিত্র বদলে যেতে পারে। তিনি সবাইকে “অপেক্ষা করুন এবং দেখুন” বলে আশ্বস্ত করেন।
মমতা আরও বলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তৃণমূল এবং ফল নিজেদের পক্ষেই আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।