প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে টেলিটকে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড-কে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারের মেয়াদেই মানুষ যেন টেলিটকের উন্নত ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই কাজ করতে হবে।

আজ রাজধানীর গুলশানে টেলিটকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। টেলিটকের সেবায় দৃশ্যমান উন্নয়ন আনতে হবে। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন—টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে এগিয়ে আসতে হবে।”

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *