বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সোমবার সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোট যাত্রীদের মধ্যে ৪ হাজার ৭১ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪০ হাজার ৮৮৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন।
ফ্লাইটভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইনসের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।