ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার সামনে অবস্থিত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী মো. রাশেদ খান-এর দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে এক পক্ষ ধাওয়া খেয়ে কালীগঞ্জ থানার ভেতরে আশ্রয় নেয়। সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও অবনতি ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষের মধ্যে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে বিএনপি নেতা মো. রাশেদ খান বলেন, ‘সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এলে কথা বলতে বলতে একপর্যায়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতিতে গড়ায়। পুলিশ থামাতে গেলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়। ঠিক কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।