চলমান ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাতটিতে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পৃথক ঘটনায় একটি এফ-৩৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান ধ্বংস হয়।
এর আগে সংঘাতের বিভিন্ন পর্যায়ে আরও পাঁচটি বিমান হারায় মার্কিন বিমানবাহিনী। গত ২ মার্চ কুয়েতের আকাশে নিজস্ব বাহিনীর ভুলবশত হামলা বা ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে এতে থাকা ছয়জন ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হলে ছয়জন মার্কিন বিমানকর্মীর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, এটি শত্রুপক্ষের হামলায় নয়; বরং অপারেশনের সময় অন্য একটি বিমানের সঙ্গে দুর্ঘটনার কারণে এ ঘটনা ঘটে।
এছাড়া ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় একটি ই-৩ সেন্ট্রি বিমান মাটিতেই ধ্বংস হয় এবং অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হন। একই হামলায় একটি ট্যাংকার বিমানও ক্ষতিগ্রস্ত হয়।
আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের সম্ভাব্য হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ। এতে সংঘাতের তীব্রতা ও জটিলতা যেমন স্পষ্ট হচ্ছে, তেমনি আকাশ প্রতিরক্ষায় ইরানের সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।