নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ বিকেলে

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে। রাজধানীর সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের পরদিনই সচিবালয়ে অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, আজ বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করেন।

সচিবালয়ে গিয়ে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি সংক্ষিপ্ত সভায় অংশ নেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি।

সূত্র আরও জানিয়েছে, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি হবে পরিচিতিমূলক সভা। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম এখন পূর্ণমাত্রায় শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *