জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা।
নির্ধারিত পরিমাণ অনুযায়ী, প্রতিদিন ট্রিপভিত্তিক অকটেন বা পেট্রোল সরবরাহ করা হবে—
-
মোটরসাইকেলে ২ লিটার
-
প্রাইভেটকারে ১০ লিটার
-
মাইক্রোবাস, এসইউভি ও জিপে ২০ থেকে ২৫ লিটার
অন্যদিকে ডিজেলচালিত যানবাহনের জন্য দৈনিক ট্রিপভিত্তিক সরবরাহ নির্ধারণ করা হয়েছে—
-
পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার
-
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার
সরকার জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।