স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোনো ‘বাপের দোয়া-মায়ের দোয়া’ কমিটি করা হয়নি।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সংসদে আবুল হাসনাত অভিযোগ করেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে ক্রিকেট কন্ট্রোল বোর্ড একতরফাভাবে পরিচালিত হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। বর্তমান সরকার অনিয়ম চিহ্নিত করতে ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে একটি অনুসন্ধানী বোর্ড গঠন করেছে। পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এখানে বাপ-মায়ের দোয়া কমিটি করিনি। আগে শুধু মায়ের দোয়া শোনা যেত, এখন বাপের দোয়ার কথাও বলা হচ্ছে।’
ক্রিকেট প্রসঙ্গের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এছাড়া মানবাধিকার কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুমের ঘটনায় বিচার নিশ্চিত করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন মন্ত্রী।