প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অগ্রাধিকারমূলক পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন সরকারের কার্যক্রমকে গতিশীল ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
এদিকে একই দিন দুপুর ২টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করবেন। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
ইতোমধ্যে বইমেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার স্টল, প্যাভিলিয়ন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ বইমেলা।
প্রতিবছরের মতো এবারও দেশের প্রকাশনা শিল্প, লেখক, পাঠক এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।