বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট-সংলগ্ন বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে হঠাৎ এই কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং সিলেটসহ আশপাশের এলাকায় এর প্রভাব পড়ে।
সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।