বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন—রেড কার্পেটে যাদের উপস্থিতি সবসময়ই নজর কাড়ে। তবে এই ঝলমলে মুহূর্তেই অস্বস্তিতে থাকেন অভিষেক, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি এক পডকাস্টে অভিষেক খোলামেলা স্বীকার করেন, বড় ইভেন্টে স্ত্রীর সঙ্গে রেড কার্পেটে হাঁটার সময় তিনি বেশ নার্ভাস অনুভব করেন।
মজার ছলে তিনি বলেন, ‘আপনি কি আমার স্ত্রীকে রেড কার্পেটে হাঁটতে দেখেছেন? ওর উপস্থিতি এতটাই নিখুঁত ও প্রফেশনাল যে আমি সেখানে একেবারে কাঠের টুকরোর মতো দাঁড়িয়ে থাকি। বুঝতেই পারি না, হাত কোথায় রাখব—পকেটে নাকি অন্য কোথাও।’
তিনি আরও বলেন, ‘রেড কার্পেটে যাওয়া আমার জন্যই ভয়ের, আর যদি সেটা আমার স্ত্রীর সঙ্গে হয়, তাহলে তো আরও আতঙ্কের।’
একটি পুরোনো ঘটনার কথা স্মরণ করে অভিষেক জানান, একবার প্রিমিয়ারে ঐশ্বরিয়ার সঙ্গে হাঁটার সময় এতটাই অস্বস্তিতে ছিলেন যে ফটোগ্রাফাররা তাকে রাগান্বিত মনে করেছিলেন। পরে তিনি ‘সরি’ বলে পরিস্থিতি সামাল দেন।
প্রতি বছর Cannes Film Festival-এ ঐশ্বরিয়ার উপস্থিতি আলাদাভাবে নজর কাড়ে। তার স্টাইল ও আত্মবিশ্বাস ভক্তদের মুগ্ধ করে।
উল্লেখ্য, ২০০০-এর দশকের শুরুতে পরিচয়ের পর ‘Dhoom 2’ ও ‘Guru’ সিনেমায় একসঙ্গে কাজ করেন এই তারকা দম্পতি। ২০০৭ সালে বিয়ে করেন তারা এবং ২০১১ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যা আরাধ্যা।