নেটদুনিয়ায় তারকাদের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। তবে এ ধরনের এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, মাত্র ১৫ বছর বয়সে স্কুলে পড়াকালীন একটি পর্ন সাইটে নিজের আপত্তিকর ছবি দেখে চমকে গিয়েছিলেন। সে সময় বিষয়টি তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়।
জাহ্নবী বলেন, তখন তিনি একজন স্কুলছাত্রী ছিলেন। হঠাৎ নিজের এমন ছবি দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ছবিটি ডিপফেক ছিল কি না, তা নিশ্চিত না হলেও তিনি বুঝতে পেরেছিলেন বিষয়টি খুবই উদ্বেগজনক।
স্মৃতিচারণ করে তিনি আরও জানান, তাদের আইটি ক্লাসে সহপাঠীদের কেউ কেউ পর্ন সাইট দেখত। সেই প্রেক্ষাপটে নিজের বিকৃত ছবি সেখানে দেখতে পেয়ে তিনি ভীষণ অস্বস্তিতে পড়েন এবং তার জীবন যেন এক সময় ওলটপালট হয়ে যায়।
অভিনেত্রী বলেন, ওই ঘটনার পর দীর্ঘ সময় তিনি সোশ্যাল মিডিয়াকে অভিশাপ মনে করতেন এবং মনে হতো, অন্য কারও ভুলের মাশুল তাকে দিতে হচ্ছে। কয়েক বছর পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাহ্নবী। তিনি বলেন, এখনও বিভিন্ন সময় এমন ছবি তার সামনে আসে যেখানে তাকে এমন পোশাকে দেখানো হয়, যা তিনি কখনো পরেননি।
এ ধরনের ভুয়া ছবি তার পেশাগত জীবনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন এই অভিনেত্রী। কোনো চরিত্রে নির্দিষ্ট পোশাক নিয়ে আপত্তি জানালে নির্মাতারা এসব ভুয়া ছবিকে উদাহরণ হিসেবে সামনে আনতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।