অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর দ্রুত সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, এটি ১৭-১৮ ফেব্রুয়ারির পরে হবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে তিনি ১৫ ও ১৬ ফেব্রুয়ারির কথা উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর দ্রুত কার্যকর করা হবে।
এ সময় সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছেন, শপথ গ্রহণের প্রক্রিয়া নীতিগতভাবে সরকার নির্ধারণ করবে। রাষ্ট্রপতি বা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণ করানো যেতে পারে, তবে অপেক্ষা তিন দিন করতে হতে পারে। নির্বাচনের পর দ্রুত শপথ ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেওয়া হয়েছে।