দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
পোস্টে হামিম লিখেছেন, পদ না থাকলেও তিনি ছাত্রদলের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি বলেন, “পদ না থাকলেও দলের কর্মী হিসেবে পরিচয় দিতে পারাটা আমার জন্য গর্বের।”
নিজের রাজনৈতিক যাত্রার কথাও উল্লেখ করেন হামিম। তিনি জানান, ২০১২ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ২০১৭ সালে কলেজ জীবন পর্যন্ত কোনো পদ ছাড়াই সংগঠনের রাজনীতি করেছেন।
বর্তমান সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “জানতে পারলাম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী—এই পরিচয়টাই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।”
এদিকে, পদ হারানোর পরও দলের প্রতি অনুগত থাকার এমন বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এর আগে একই দিনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিম ছাড়াও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদ শৃঙ্খলাভঙ্গের দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।