প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে মালিকানা নির্ভর শিল্পায়ন চায়। এজন্য উদ্যোক্তাদের ব্যাংক ঋণ কমিয়ে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহিত করা হবে। কে ব্যাংক ঋণ পাবে আর কে পুঁজিবাজারে যাবে তা ঠিক করতে আগামী অর্থবছরের বাজেটে রূপান্তর ও সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে শেয়ারবাজার বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
উপদেষ্টা তিতুমীর বলেন, পুঁজিবাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাত থেকে বের করে ‘সর্বজনের মালিকানা’ ও অংশগ্রহণের জায়গায় নিয়ে আসা হবে। প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘ইনভেস্টমেন্ট গেটওয়ে’ তৈরি করা হবে যাতে তারা সহজে দেশের বাজারে বিনিয়োগ করতে পারে। মুসলিম দেশগুলোর বিনিয়োগকারীদের জন্য ইসলামিক ফাইন্যান্স মার্কেট সম্প্রসারণের সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, বাজারের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি ও ‘ব্লকচেইন’ ব্যবহৃত হবে। অডিট ব্যবস্থা, সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান ও ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সঠিক প্রতিবেদন প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
উপদেষ্টা জানান, দেশের অর্থনৈতিক মডেল এখন ‘ভোগ নির্ভর’, যা টেকসই নয়। টেকসই অর্থনীতির জন্য প্রয়োজন ‘বিনিয়োগ নির্ভর’ মডেল। সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পুঁজিবাজারকে ‘ফ্রন্টিয়ার মার্কেট’ থেকে ‘ইমার্জিং মার্কেট’-এ উন্নীত করার কাজ চলছে।
সেমিনারে বক্তারা বলেন, ব্যাংকিং খাতে চাপ ও কর আহরণের ঘাটতি সহ পুঁজিবাজারে তারল্য সংকট দেশের আর্থিক ব্যবস্থার কাঠামোগত ভারসাম্যহীনতার বহিঃপ্রকাশ। শক্তিশালী ও গভীর পুঁজিবাজার গড়ে তোলা হলে ব্যাংকের উপর চাপ কমবে।
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, বিগত ১৮ মাসে ১২৬টি তদন্তের মাধ্যমে ১ হাজার ৪৮৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আইন আছে কিন্তু বাস্তবায়ন হয় না; পুঁজিবাজারে সমস্যা রয়েছে।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, অ্যাসোসিয়েশন অব পাবললি লিস্টেড কোম্পানিজ সভাপতি রিয়াদ মাহমুদ এবং বিএমবিএ সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার পুঁজিবাজারে ডিজিটাল প্রক্রিয়া, ভালো কোম্পানিকে তালিকাভুক্তি এবং আইপিও উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সেমিনারের সভাপতি মনির হোসেন বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা ও ভালো কোম্পানি তালিকাভুক্ত করার বিষয়ে নির্বাচিত সরকারের কমিটমেন্ট থাকা অত্যাবশ্যক।
সূত্র : বাসস












