ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হবে।

শনিবার রাজধানীর গাবতলী এলাকায় সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন— দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন থেকে ১২ মার্চ এবং ঈদের আগের দিনের যাত্রার টিকিট পাওয়া যাবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়া যাবে না। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে এবং প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *