ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ছায়া মন্ত্রিসভা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের সার্বিক কার্যক্রমে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। তিনি জানান, প্রতিটি খাতের কার্যক্রম বিশ্লেষণ করে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।
এর আগে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে আলোচনা সৃষ্টি করেন।
বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থায় প্রচলিত একটি ধারণা। সাধারণত বিরোধী দলগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিপরীতে ‘ছায়া মন্ত্রী’ মনোনয়ন দেয়। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, বাজেট ও কর্মকাণ্ড পর্যালোচনা করে সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব তুলে ধরেন।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। তবে এনসিপির দাবি, এ উদ্যোগ সরকারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত ও রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে।