দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়–এর সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
সভায় মন্ত্রী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচব্যবস্থার ঘাটতি ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বেড়েছে। তিনি জানান, বর্তমান সরকার জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে আহ্বান জানান। টেকসই খনন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে এবং চলতি অর্থবছরসহ পরবর্তী বছরগুলোর জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।
আগামী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার ‘খাল-পুকুর-জলাশয়’ খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।