শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান দেশের মানুষ কোনোদিনই ভুলবে না।
বাণীতে এ কে ফজলুল হক-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন জাতির এক অসাধারণ নেতা, যিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সংগ্রাম ও নেতৃত্ব দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শেরে বাংলা ছিলেন শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঔপনিবেশিক শাসনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান তাকে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, কৃষক সমাজকে রক্ষা করতে ঋণ সালিশি বোর্ড গঠন ছিল শেরে বাংলার একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের কৃষকদের অর্থনৈতিক মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বহুগুণে গুণান্বিত এই মহান নেতা দেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল।












