আল আমিন:নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নৈশপ্রহরী সাইফুল ইসলাম দায়িত্বে ছিলেন। তবে রাত আনুমানিক দেড়টার দিকে অসুস্থ হয়ে তিনি বাড়িতে চলে যান এবং আর বিদ্যালয়ে ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন স্কুলে এসে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও আইসিটি কক্ষের তালা ভাঙা দেখতে পান।
পরে কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার এলইডি মনিটর ও রিসিভার এবং আইসিটি ল্যাব থেকে ৬২ ইঞ্চি স্মার্ট মনিটর ও কম্পিউটার চুরি হয়েছে।
নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে এসে দেখি অফিস কক্ষের তালা ভাঙা। পরে শিক্ষকদের জানিয়ে খোঁজ নিয়ে দেখি আইসিটি কক্ষ থেকেও মূল্যবান সরঞ্জাম গায়েব।”
নৈশপ্রহরী সাইফুল ইসলাম জানান, “রাত দেড়টার দিকে মাথাব্যথা ও জ্বর অনুভব করায় ওষুধ খেতে বাড়ি যাই। সকালে প্রধান শিক্ষকের ফোনে চুরির বিষয়টি জানতে পারি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী বলেন, “চুরির ঘটনায় প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রায় পৌনে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।”
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।