প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম ও টিম স্পিরিটে উজ্জীবিত তরুণদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ দলের শিরোপা জয়ের পর দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তরুণদের এ সাফল্য দেশের ক্রীড়াপ্রেমী জনগণকে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।