যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা অত্যন্ত জরুরি।

রোববার (১২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা আশা করি উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে, যাতে পুরো অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়।”

তিনি আরও জানান, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান ভবিষ্যতেও তার সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি দেওয়ায় উভয় দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে দুই পক্ষই ইতিবাচক অবস্থান বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ইরানের সঙ্গে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

রোববার সকালে ইসলামাবাদ থেকে ‘এয়ার ফোর্স টু’ উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ি থেকে উপস্থিত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান ভ্যান্স।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর।”

এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভ্যান্স বলেন, শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রেখেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *