ব্যক্তি পর্যায়ে কর বৃদ্ধি নয়, বরং জিডিপির অনুপাতে করের হার বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু—এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) চুক্তি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে। এছাড়া রমজানের বাকি সময় এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পরিস্থিতি বিরাজ করছে। তবে শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন।
পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সিলেট অঞ্চলে বন্যা ও নদীভাঙন রোধ, হাওরের বাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।
এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে।