গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে নগর ভবন প্রাঙ্গণ থেকে এ অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে টঙ্গী এলাকায় মশক নিধন কার্যক্রমে অংশ নেন। ফগার মেশিন ও লার্ভিসাইড ব্যবহার করে নিজেই বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে এবং জনগণকে সচেতন করার জন্য প্রচারণা জোরদার করা হবে। এছাড়া তিনি ভোগড়া বাইপাস মোড়ে অবস্থিত মোগড়খাল পরিদর্শন করেন, যা সম্প্রতি পুনঃখনন করা হয়েছে। খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরে প্রশাসক বাসন থেকে কাশিমপুর পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাইলিং কাজের উদ্বোধন করেন। তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।