সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিজেদের রাষ্ট্রের স্বার্থে নিবেদিত থাকা সহজ নয়; নানা প্রতিবন্ধকতা থাকে। তবে তরুণ কর্মকর্তাদের জানা উচিত, তারা চাইলে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। মন্ত্রী বলেন, “রাষ্ট্রের স্বার্থে নিজেকে নিবেদিত করুন, সততাই হোক আপনার পথচলার মূলমন্ত্র।”
আজ ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন কর্মকর্তার জন্য আয়োজিত সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান উপস্থিত ছিলেন।
মন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ শেষে তারা রাষ্ট্রের প্রকৌশলী হিসেবে কাজে যুক্ত হবেন এবং রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তিনি অনৈতিক চর্চা পরিহার ও নির্মাণ কাজে অপচয় রোধে সচেষ্ট থাকার গুরুত্বের ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে এবং সড়ক নিরাপত্তার মাধ্যমে জনগণকে নিরাপদ রাখা অপরিহার্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে দেশকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।