মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে এমভি সাব্বির-৩ নামের একটি লঞ্চ ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সঙ্গে ‘মোল্লা ভাই ভাই’ নামের বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তবে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বাল্কহেডে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া বাল্কহেডের সব স্টাফ নিরাপদে উদ্ধার হয়েছেন।
তিনি আরও জানান, এমভি সাব্বির-৩ লঞ্চটির তেমন কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।