দিনাজপুরে কৃষিভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে নতুন শিল্পায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
মঙ্গলবার দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে শিল্পায়ন গড়ে উঠবে।
দিনাজপুরের সঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নে কাজ করা তাঁর দায়িত্বের অংশ। স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছ থেকে পাওয়া সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন তিনি।
সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এতে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খাল ও নদী খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে পানির স্তর পুনরুদ্ধার হবে এবং আর্সেনিক সমস্যাও কমবে।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, ইতোমধ্যে ১৫টি এলাকায় এর পাইলট প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে দিনাজপুর-৬ আসনও রয়েছে।
এছাড়া ধর্মীয় নেতাদের জন্য সম্মানী চালুর বিষয়েও সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সমাবেশ ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্যের শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।