বাবার গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি-র বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি তৈরি হলে তা দূর করতে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ বা তার আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। তিনি বলেন, গত ১০-১২ বছর ধরে তিনি নিজ প্রচেষ্টায় মিডিয়াতে কাজ করছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় নিজেই বহন করে আসছেন।

অভিনেত্রী আরও বলেন, তার বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক বিষয়ে তিনি জড়িত নন। বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন বলেও উল্লেখ করেন।

পারিবারিক এই পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা চেরি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *