রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আতর আলী শেখ (৪২)। বাবাকে হারানোর শোক বুকে নিয়েই তার তিন সন্তান—১৫ মাস বয়সী তায়েবা, ১৪ বছরের তামিম ও ১৪ বছরের মীম—রাজপথে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব-এর সামনের সড়কে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তিন শিশু অংশ নেয়। কর্মসূচিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় নিহতের স্ত্রী মর্জিনা বেগমের স্বজনরা এবং সংগঠনের জেলা সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, কৃষক নেতা আতর আলী শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন।
সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে আতর আলীর মেয়ে মীম বলে, “সবার বাবা আছে, আমার বাবা নেই। আমাদের এতিম কইরা থুইয়া গেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”
উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতর আলীসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আতর আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই রজব শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।