নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৫০০ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রায় ৫৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের মাঝখানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার স্মৃতিচারণ করে বলেন, ছোট পরিসর থেকে শুরু করে আজ প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তবে শিক্ষক সংকট, বাজেট স্বল্পতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সবুজায়নের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দেশ-বিদেশের র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, রমজানের সংযম ও মূল্যবোধ যদি সারা বছর অনুসরণ করা যায়, তবে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সদস্য-সচিব প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান বক্তব্য দেন।

এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তারা একসঙ্গে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *