স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক: রোহিঙ্গা পাসপোর্ট ও বিনিয়োগে জোর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়ে রাষ্ট্রদূত প্রক্রিয়াটি দ্রুত করার ওপর গুরুত্বারোপ করলে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। এ কার্যক্রম ত্বরান্বিত করতে বিশেষ টিম পাঠানো হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, যেসব মিয়ানমার নাগরিকের বৈধ বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। এ ক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *