ইসলামাবাদ ও কাবুলে উত্তেজনা চরমে পৌঁছেছে।পাকিস্তান ও আফগানিস্তান –এর মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এবার সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান ‘অপারেশন গজব লিল-হা’ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন Taliban সদস্য ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী Ataullah Tarar অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, নিহতের পাশাপাশি প্রায় ৫০০ তালেবান সদস্য আহত হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণে তালেবানের ১০৪টি সামরিক চৌকি ধ্বংস হয়েছে এবং ২২টি সীমান্ত পোস্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমান হামলায় ৩৭টি লক্ষ্যবস্তুতে আঘাত এবং ১৬৩টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও জানানো হয়।
অন্যদিকে, সীমান্তজুড়ে পাল্টাপাল্টি দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আফগান সামরিক ও পুলিশ বাহিনীর দাবি, তারা Jalalabad শহরের আকাশে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর পাইলটকে আটক করেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে বিমান হামলা ও গোলাগুলি তীব্রতর হয়েছে। এতে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন । সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান Kaja Kallas অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইসঙ্গে আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।