নেত্রকোনার মদনে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর মাদরাসা ছুটির পর শিক্ষার্থীকে মসজিদ পরিষ্কার করার কথা বলে একটি কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। ভয় ও সামাজিক চাপের কারণে ভুক্তভোগী বিষয়টি দীর্ঘদিন কাউকে জানায়নি।
পরে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের পক্ষ থেকে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
পরবর্তীতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সরকারি হাসপাতালেও পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।