ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও তুমুল আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার পর থেকেই অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তার স্বামী অভিনেতা জাহের আলভী-কে। তবে নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুকে একাধিকবার বক্তব্য দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে ইকরাকে ঘিরে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন আলভী। একই সঙ্গে এটিকে ইকরার মৃত্যুর বিষয়ে তার “শেষ পোস্ট” বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শুরুতে আলভী লিখেছেন, আইনের প্রতি সম্মান রেখেই তিনি বলতে চান—সুষ্ঠু তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তিনি তা মেনে নেবেন। তবে নিজের কিছু তথ্য তিনি রেখে যেতে চান, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় হলে সাধারণ মানুষ ও সাংবাদিকরা বিষয়গুলো খতিয়ে দেখার দাবি তুলতে পারেন।
সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ
পোস্টে আলভী দাবি করেন, তার বাসার ড্রইং-ডাইনিংয়ে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার এক্সেস তার কাছে কখনোই ছিল না; সেটি ইকরার ফোনে ছিল। বর্তমানে ইকরার মোবাইল ফোন পুলিশি হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আলভীর দাবি, তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় সিসিটিভির এক্সেস কখনোই চাননি। ইকরা নাকি ওই ক্যামেরার মাধ্যমে বাসার কাজের লোক ও তার সহকারীর গতিবিধি পর্যবেক্ষণ করতেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার আগের কয়েক দিনের গুরুত্বপূর্ণ ফুটেজ ওই ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।
বাসায় বন্ধুদের আসা–যাওয়ার অভিযোগ
পোস্টে আলভী আরও দাবি করেন, তিনি ২৫ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর টানা তিন দিন সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু বাসায় আসেন।
তার ভাষ্য অনুযায়ী—
-
২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইকরার এক বান্ধবী বাসায় এসেছিলেন।
-
২৭ ফেব্রুয়ারি দুই বান্ধবীর সঙ্গে এক পুরুষ বন্ধু বাসায় আসেন এবং মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন।
এই সময় তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছিলেন বলেও দাবি করেন আলভী। তিনি আরও বলেন, দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন, যা সিসিটিভির ফুটেজে দেখা যাওয়ার কথা।
এ বিষয়ে তার সহকারী পুলিশের কাছে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ফোন ও অনলাইন কথোপকথনের বিষয়
পোস্টে আলভী উল্লেখ করেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে জানা যাবে কে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে।
এছাড়া ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপে থাকা কথোপকথন, কললিস্ট এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের তথ্য যেন কোনোভাবে মুছে না যায়—সেজন্যও তিনি সবার প্রতি নজর রাখার আহ্বান জানান।
পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও মন্তব্য
ইকরার মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট প্রসঙ্গেও কথা বলেন আলভী। তিনি দাবি করেন, যদি আগের রাতে মাদক বা মদ্যপান করা হয়ে থাকে, তবে তা পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসবে। তাই রিপোর্ট যেন কোনোভাবে পরিবর্তন না করা হয়—এমন অনুরোধও জানান তিনি।
অতীত সম্পর্ক নিয়েও ইঙ্গিত
পোস্টে আলভী আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় জীবনে ইকরার এক সহপাঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং অতীতে কিছু জটিল ব্যক্তিগত ঘটনার কথাও উল্লেখ করেন। তবে এসব বিষয় তুলে ধরা তার জন্য কষ্টকর বলেও উল্লেখ করেন তিনি, কারণ ইকরা তার স্ত্রী ছিলেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, সবকিছুর পরও তাদের মধ্যে ভালোবাসা ছিল এবং দীর্ঘ সময়ের সম্পর্কের কারণে সেই ভালোবাসা ধীরে ধীরে মায়া ও অভ্যস্ততায় পরিণত হয়েছিল।
আবেগঘন সমাপ্তি
পোস্টের শেষাংশে আলভী লেখেন, তার বিরুদ্ধে বিভিন্ন চাপ ও ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে মানুষ যেন তথ্য-প্রমাণ যাচাই করে বিষয়টি বিচার করেন—এমন আহ্বান জানান তিনি।
বিশেষ করে তাদের সন্তানের কথা উল্লেখ করে তিনি বলেন, সন্তানের জীবনে তার জায়গা অন্য কেউ পূরণ করতে পারবে না।
উল্লেখ্য, অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরা-র মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।