মোঃশাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল : রাজধানীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং তাদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করা। তিনি জানান, কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত প্রতিবেদন ইতিবাচক।
তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে।
শিক্ষার হার বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।