বহু বছরের প্রশ্নফাঁস বাণিজ্য থেকে অর্জিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের অভিযোগে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মানিলন্ডারিং অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। এসব কার্যক্রমের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ দিয়ে তারা শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সম্পদ গড়ে তুলেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহার আবেদনের ভিত্তিতে আদালতে এ নির্দেশনা চাওয়া হয়।
আদালতের আদেশে যেসব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আবেদ আলীর নামে একটি অ্যাকাউন্ট ছাড়াও আবু সোলায়মান মো. সোহেল, জাহাঙ্গীর আলম এবং মো. মাহবুবুর রহমানের নামে থাকা একাধিক অ্যাকাউন্ট।
শুনানি শেষে আদালত নির্দেশ দেন, এসব অ্যাকাউন্টে থাকা শেয়ার ও অর্থ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।