ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোই অধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, স্থায়ী সমাধানের জন্য চুক্তিই সবচেয়ে কার্যকর পথ।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ABC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন প্রতিষ্ঠানটির ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্ল।
সাক্ষাৎকারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, পরিস্থিতি যেকোনো দিকে যেতে পারে, তবে তার মতে চুক্তিই শ্রেয়। তিনি উল্লেখ করেন, একটি সমঝোতা হলে ইরান তাদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে এবং বর্তমান সংকটের টেকসই সমাধান সম্ভব হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, উগ্রপন্থি শক্তিগুলোকে নির্মূল করা হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে ইরান-এ। প্রায় ৪০ দিনের সংঘাতের পর উভয় পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল ইসলামাবাদ-এ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই বৈঠক শেষ হয়।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই আবারও সংলাপে বসতে পারে দুই পক্ষ। এ বিষয়ে তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাওয়া যেতে পারে,” যা সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত বহন করছে।