হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে পারাপারের জন্য চালু করা ‘প্রোজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্ভাব্য চুক্তির পথ খতিয়ে দেখতে পারস্পরিক সম্মতিতে অল্প সময়ের জন্য এ প্রকল্প স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রকল্প স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তান-এর অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের জেরে এ প্রণালিতে অবরোধ সৃষ্টি হলে শতাধিক জাহাজ আটকা পড়ে। সেই প্রেক্ষাপটে গত ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হয়েছিল, যা এখন সাময়িকভাবে স্থগিত করা হলো।