রিকি শেখ :গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক পথচারী নিহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাশিয়ানী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে আব্দুল্লাহ হাসান। পথে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ এবং আহত চালককে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন।